‘বিউটি রানি পাল, ব্যক্তি স্বাধীনতা, শিক্ষকতা এবং অনলাইন সংস্কৃতির ব্যবচ্ছেদ’

সাম্প্রতিক সময়ে সিলেটের ফেঞ্চুগঞ্জের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা বিউটি রানি পালের একটি অত্যন্ত সাধারণ ও স্বাভাবিক রিল ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে উগ্র ট্রোলিং এবং সাইবার বুলিংয়ের ঝড় উঠেছে, তা কেবল একক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 

এটি মূলত আমাদের সামগ্রিক সামাজিক মানসিকতা, ব্যক্তির মৌলিক অধিকার এবং পেশাগত পরিচয়ের মোড়কে অনৈতিক নৈতিকতাবাদ বা ‘মরাল পুলিশিং’ চাপিয়ে দেওয়ার এক গভীর সামাজিক ব্যাধি। একজন শিক্ষক যখন শ্রেণিকক্ষের বাইরে নিজের একান্ত ব্যক্তিগত পরিসরে সামান্য আনন্দ প্রকাশ করেন, তখন সমাজ তাকে যেভাবে অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করায়, তা আধুনিক সভ্যতার জন্য চরম উদ্বেগজনক। 

এই ঘটনার গভীরতা বুঝতে এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সার্বিক মঙ্গলের জন্য বিষয়টিকে বিভিন্ন তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক, সমাজতাত্ত্বিক ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিশদভাবে বিশ্লেষণ করা জরুরি। এই লেখাটি কেবল একটি ঘটনার প্রতিবাদ নয়, বরং এটি আমাদের সমাজ ও ডিজিটাল সংস্কৃতির প্রকৃত স্বরূপ তুলে ধরবে বলে আমি বিশ্বাস করি।

আধুনিক শিক্ষাতাত্ত্বিক দর্শনের দিকে তাকালে আমরা দেখতে পাই যে, শিক্ষাদান কোনো যান্ত্রিক বা কঠোর নিয়ম-শৃঙ্খলে বন্দি প্রক্রিয়া নয়। আধুনিক শিক্ষাতত্ত্বের জনক জন ডিউই তাঁর প্রগতিশীল শিক্ষাতত্ত্বে স্পষ্ট করেছেন যে, শিক্ষা হলো জীবনেরই একটি অংশ এবং এটি একটি আনন্দময় অভিজ্ঞতা হওয়া উচিত। বিউটি রানি পাল কেবল একজন প্রশাসনিক প্রধান নন, তিনি ক্লাসরুমে ছন্দে ছন্দে, আনন্দদায়ক উপায়ে গান ও নাচের মাধ্যমে শিক্ষার্থীদের পড়া মনে রাখা এবং বৃক্ষরোপণের মতো সৃজনশীল কাজের জন্য সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সমাদৃত। শিক্ষাতত্ত্বের মূল কথাই হলো, একজন শিক্ষক যখন নিজে মানসিকভাবে প্রফুল্ল ও প্রাণবন্ত থাকেন, তখনই কেবল তিনি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক শিক্ষার আলো ছড়াতে পারেন। 

সমাজ যদি শিক্ষকের এই প্রাণবন্ত রূপকে একটি কঠোর ছকের মধ্যে বন্দি করে ফেলে, তবে শ্রেণিকক্ষগুলো এক একটি প্রাণহীন কারখানায় পরিণত হবে। এর ফলে শিক্ষার্থীরা শিক্ষকদের আদর্শ হিসেবে গ্রহণ করার পরিবর্তে তাঁদের ভয় পেতে শুরু করবে, যা শিশুর মনস্তাত্ত্বিক ও বৌদ্ধিক বিকাশকে চরমভাবে বাধাগ্রস্ত করে। 

আপনাকে বুঝতে হবে আপনি কী চান। আপনি কি চান আপনার ছোট্ট সন্তানের ক্লাসে একজন বিমর্ষ, মুখ ভার করা, খটখটে মেজাজের শিক্ষক, যে শুধু পাঠ্যবইয়ের গদবাধা মুখস্থ বিদ্যা শেখাবে? নাকি একজন হাসিখুশি মনের প্রাণোচ্ছল ও প্রফুল্ল শিক্ষক যে আপনার ফুলের মতো বাচ্চাদের হাঁসিগানে ভরপুর রেখে আনন্দময় পরিবেশে শিক্ষাদান করবে?

আমাদের সমাজে শিক্ষকদের নিয়ে একটি অতি-মানবিক কিন্তু অবাস্তব ফ্যান্টাসি বা ধারণা প্রচলিত রয়েছে। সমাজ মনে করে শিক্ষকরা হবেন সম্পূর্ণ রসকসহীন, কঠোর, বৈরাগী এবং সর্বদা গম্ভীর এক একজন মানুষ, যাঁদের নিজস্ব কোনো বিনোদন বা ব্যক্তিগত জীবনের আনন্দ থাকতে পারবে না। এই ক্ষতিকর ধ্যানধারণা মূলত ঔপনিবেশিক আমলের অবদমিত মানসিকতার ফসল। এই প্রাচীন সামাজিক ছকটি ভুলে যায় যে, শিক্ষকতা একটি পেশা মাত্র, কিন্তু শিক্ষক একজন মানুষ। 

একজন চিকিৎসকের যেমন স্টেথোস্কোপ নামিয়ে গান গাওয়ার অধিকার আছে, একজন প্রকৌশলীর যেমন সাইটের বাইরে সিনেমা দেখার অধিকার আছে, ঠিক তেমনি একজন শিক্ষকেরও স্কুলের ছুটির পর নিজের ব্যক্তিগত ওয়ালে একটি সুন্দর গানের সাথে হেঁটে ভিডিও পোস্ট করার পূর্ণ মানবিক অধিকার রয়েছে। শিক্ষকের এই মানবিক রূপকে মেনে নিতে না পারা আমাদের সামাজিক পশ্চাৎপদতারই প্রমাণ।

আমাদের সমাজ যেন এক অদৃশ্য কারাগার ও আমাদের কাঠামোগত পিতৃতন্ত্র একটি শিশুর মনোজগতের উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সমাজবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায়, বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এক একটি আধুনিক ‘প্যানোপটিকন’ বা অদৃশ্য কারাগারে রূপান্তরিত হয়েছে। 

ফরাসি সমাজবিজ্ঞান ও দার্শনিক মিশেল ফুকো তাঁর ‘ডিসিপ্লিন অ্যান্ড পানিশ’ গ্রন্থে এই প্যানোপটিকন ধারণার অবতারণা করেছিলেন, যেখানে বন্দিরা সবসময় অনুভব করে যে কেউ একজন তাদের দেখছে, ফলে তারা নিজেদের আচরণ নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়। আজকের ডিজিটাল সমাজেও সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা নিজেদের এক একজন স্বঘোষিত ‘নীতিপুলিশ’ বা বিচারক ভাবছেন এবং অন্যের ব্যক্তিগত জীবনের ওপর সার্বক্ষণিক সাইবার নজরদারি চালাচ্ছেন।

এর পাশাপাশি এই ঘটনার পেছনে জেন্ডার বা লিঙ্গভিত্তিক কাঠামোগত পিতৃতন্ত্রের এক কদর্য রূপ প্রকাশ পেয়েছে। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি স্পষ্ট যে, ট্রোলের শিকার ব্যক্তিটি যদি একজন পুরুষ শিক্ষক হতেন, তবে সমাজ তাঁর এই আচরণকে হয়তো অত্যন্ত স্বাভাবিক বা রসাত্মক হিসেবে গ্রহণ করত। কিন্তু ভুক্তভোগী একজন নারী এবং একই সাথে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অংশ হওয়ায়, তাঁর পোশাক, তাঁর হাঁটার ভঙ্গি বা তাঁর বিনোদনকে সমাজ সহজে মেনে নিতে পারেনি। এটি আমাদের সমাজের গভীরে প্রোথিত সেই পুরুষতান্ত্রিক মানসিকতাকেই নির্দেশ করে, যা নারীর স্বাধীনতা এবং আত্মপ্রকাশকে সবসময় একটি নির্দিষ্ট সীমানার মধ্যে বেঁধে রাখতে চায়।

বর্তমান আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের যুগে ডিজিটাল ক্যাপিটালিজম এবং রিঅ্যাকশন ইকোনমির আগ্রাসন আমাদের পুরো সমাজব্যবস্থাকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে রেখেছে। বর্তমান যুগের এই সাইবার ট্রোলিংয়ের পেছনে কেবল মানুষের মানসিক বিকৃতি দায়ী নয়, বরং এর পেছনে রয়েছে করপোরেট ডিজিটাল পুঁজিবাদের এক কুৎসিত খেলা। 

ফেসবুক, ইউটিউব বা টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম এমনভাবে তৈরি করা হয়েছে যা ইতিবাচক বা সুন্দর বিষয়ের চেয়ে নেতিবাচকতা, ঘৃণা এবং ক্ষোভকে বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। একে বলা হয় 'রিঅ্যাকশন ইকোনমি'। একটি সুস্থ সুন্দর ভিডিওর চেয়ে একটি কুরুচিপূর্ণ ট্রোল ভিডিওতে মানুষ বেশি ক্লিক করে, বেশি কমেন্ট করে এবং বেশি সময় কাটায়। 

এই সুযোগে একদল কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ ব্যবহারকারী ভিউ, লাইক এবং ফলোয়ার বাড়িয়ে টাকা উপার্জনের লোভে পড়ে একজন সম্মানিত শিক্ষকের সম্মানকে ডিজিটাল বাজারে নিলামে তোলে। এই পুঁজিবাদী আগ্রাসন মানুষের বিবেককে অন্ধ করে দিচ্ছে এবং ভার্চুয়াল জগতের এই রিচ বাড়ানোর ক্ষতিকর প্রতিযোগিতা বাস্তব জীবনে একজন মানুষের সামাজিক ও মানসিক জীবনকে ধ্বংস করে দিচ্ছে।

এদিকে পর্দার আড়ালের বিকৃতি ও ক্রাউড সাইকোলজি পুরো মানবসভ্যতাকে অস্তিত্ব ও মানবিক চেতনাকে ধ্বংস করে দিচ্ছে।

মনস্তাত্ত্বিক দিক থেকে বিচার করলে, মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য নিজের আবেগ, অনুভূতি ও আনন্দের প্রকাশ করা অত্যন্ত স্বাভাবিক এবং জরুরি একটি প্রক্রিয়া। মানবতাবাদী মনোবিজ্ঞানী কার্ল রজার্স তাঁর হিউম্যানিস্টিক থিওরি বা মানবতাবাদী তত্ত্বে ‘সেলফ-অ্যাকচুয়ালাইজেশন’ বা আত্মবিকাশের ওপর জোর দিয়েছেন। 

শিক্ষকতা একটি অত্যন্ত কঠিন এবং মানসিক চাপযুক্ত পেশা। সারা সপ্তাহের কর্মব্যস্ততা ও পাঠদানের পর একজন শিক্ষক যদি একটি সুন্দর গানের ছন্দে সামান্য হেঁটে নিজের মানসিক ক্লান্তি দূর করতে চান, তবে তা তাঁর মনস্তাত্ত্বিক ভারসাম্যের জন্য অত্যন্ত ইতিবাচক।

অথচ এই স্বাভাবিক বিষয়টিকেই একদল মানুষ অনলাইনের পর্দায় লুকিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে আক্রমণ করেছে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘অনলাইন ডিসইনহিবিশন ইফেক্ট’। এই তত্ত্ব অনুযায়ী, মানুষ বাস্তব জীবনে সামনাসামনি দাঁড়িয়ে যে নোংরা কথা বা আচরণ করার সাহস পায় না, ইন্টারনেটের ছদ্মনাম বা পর্দার আড়ালে গিয়ে সে খুব সহজেই সেই কুৎসিত রূপটি প্রকাশ করে ফেলে। কারণ সেখানে তাৎক্ষণিক শাস্তির ভয় থাকে না।

এর সাথে যুক্ত হয় ফরাসি মনোবিজ্ঞানী গুস্তাভ লে বন-এর 'ক্রাউড সাইকোলজি' বা গণমনস্তত্ত্বের তত্ত্ব। যখন ইন্টারনেটে কোনো একটি নেতিবাচক প্রচার শুরু হয়, তখন সাধারণ মানুষ নিজেদের ব্যক্তিগত বিবেক-বুদ্ধি হারিয়ে সেই পঙ্গপালের মতো ভিড়ের অংশ হয়ে যায়। তারা তখন নিজেরা চিন্তা না করেই অন্যের দেখাদেখি ট্রোলিং ও বুলিংয়ে মেতে ওঠে, যা এক ধরনের সম্মিলিত সামাজিক উন্মাদনা।

দার্শনিক দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি ব্যক্তির স্বাধীনতার ওপর সমাজের অন্যায্য হস্তক্ষেপের একটি বড় উদাহরণ। ইংরেজ দার্শনিক জন স্টুয়ার্ট মিল তাঁর বিখ্যাত ‘অন লিবার্টি’ গ্রন্থে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব দিয়েছিলেন, যা ‘দ্য হার্ম প্রিন্সিপল’ বা 'বিনাশী নীতি' নামে পরিচিত। মিলের মতে, কোনো ব্যক্তির স্বাধীনতা কেবল তখনই খর্ব বা নিয়ন্ত্রণ করা যায়, যখন তার কোনো কাজ অন্য কোনো ব্যক্তির বা সমাজের প্রত্যক্ষ ক্ষতি করে। বিউটি রানি পালের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করা রিল ভিডিওটি কারো কোনো সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় বা শারীরিক ক্ষতি করেনি। সুতরাং, কাল্পনিক নৈতিকতার দোহাই দিয়ে তাঁর এই ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো দার্শনিক, আইনি বা সামাজিক অধিকার কারো নেই।

একই সাথে অস্তিত্ববাদী দর্শনের আলোকে বলা যায়, জঁ-পল সার্ত্র বা আলবেয়ার কামুর তত্ত্ব অনুযায়ী প্রতিটি মানুষই স্বাধীন এবং সে তার নিজের জীবনের অর্থ নিজে তৈরি করার অধিকার রাখে। একজন শিক্ষকের পরিচয় কেবল তাঁর চাকুরির চার দেয়ালের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; তিনি রাষ্ট্রের একজন স্বাধীন ও সার্বভৌম নাগরিক। তাঁর পেশা কখনো তাঁর নাগরিক ও মানবিক অধিকারকে হরণ করতে পারে না।

আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষকদের অধিকার এবং মর্যাদাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছে। ১৯৬৬ সালে ইউনেস্কো (UNESCO) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) যৌথভাবে শিক্ষকদের মর্যাদা সংক্রান্ত একটি ঐতিহাসিক চার্টার বা সুপারিশমালা প্রণয়ন করে। এই আন্তর্জাতিক সনদে স্পষ্ট বলা হয়েছে যে, শিক্ষকদের সামাজিক ও ব্যক্তিগত জীবনকে এমনভাবে সম্মান করতে হবে যা তাঁদের পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ণ না করে এবং তাঁদের নাগরিক অধিকারের ওপর কোনো বাধা সৃষ্টি না করে। 

বিউটি রানি পালের ওপর যে অন্যায্য সাইবার আক্রমণ হয়েছে, তা কেবল দেশের প্রচলিত আইনের লঙ্ঘন নয়, বরং এটি ইউনেস্কোর সেই বৈশ্বিক চার্টারেরও পরিপন্থী। শিক্ষকের ব্যক্তিগত জীবন সুরক্ষিত না থাকলে আন্তর্জাতিক মানদণ্ডে একটি দেশের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়তে বাধ্য।

একজন শিক্ষক হিসেবে আমি এই প্রবন্ধটিকে কেবল একটি তাত্ত্বিক বিশ্লেষণ নয়, বরং এটি সমাজ, অভিভাবক এবং শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে উপস্থাপন করতে চাই। 

প্রথমত, শিক্ষার্থীদের জন্য এই ঘটনাটি ডিজিটাল লিটারেসি বা সাইবার সচেতনতা শিক্ষার একটি বাস্তব উদাহরণ হতে পারে। শিক্ষার্থীদের শেখাতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যম কাউকে হেনস্তা বা ট্রোল করার জায়গা নয়, বরং এটি পারস্পরিক শ্রদ্ধা ও জ্ঞান চর্চার মাধ্যম। ডিজিটাল জগতে কীভাবে আচরণ করতে হয়, তা প্রাতিষ্ঠানিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।

দ্বিতীয়ত, অভিভাবকদের দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন আনা প্রয়োজন। অভিভাবকরা যদি ঘরের মধ্যে শিক্ষকদের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ আলোচনা করেন, তবে সন্তানরা মনের অজান্তেই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলবে। যে শিক্ষার্থী তার শিক্ষককে শ্রদ্ধা করতে পারে না, সে কখনোই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে না। শিক্ষকদের মানুষ হিসেবে সম্মান করা অভিভাবকদের সবার আগে শিখতে হবে।

তৃতীয়ত, রাষ্ট্র ও প্রশাসনের ভূমিকা এখানে অনস্বীকার্য। বিউটি রানি পাল যে সাহসিকতার সাথে এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং সাইবার অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের শত শত প্রগতিশীল মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাধারণ নাগরিক যেভাবে একই গানের সাথে ভিডিও বানিয়ে এই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে এক অভিনব ও শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলেছেন, তা প্রমাণ করে এদেশের সমাজ এখনো পুরোপুরি আলোর পথ হারায়নি। 

এই সংহতিকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত এবং অবিলম্বে ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়ন করে ডিজিটাল প্ল্যাট্টফর্মে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

উপসংহারে বলা যায়, বিউটি রানি পালের ঘটনাটি আমাদের সমাজের সামনে একটি আয়না ধরেছে, যা আমাদের ভেতরের কুৎসিত জাজমেন্টাল সংস্কৃতিকে উন্মোচিত করেছে। তবে এই অন্ধকারের বিপরীতে যে তীব্র সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে উঠেছে, তা আমাদের এক নতুন ও প্রগতিশীল বাংলাদেশের স্বপ্ন দেখায়। 

অন্ধকারকে গালি না দিয়ে আসুন আমরা প্রত্যেকে নিজের মানসিকতার আলো জ্বালাই। শিক্ষকদের সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা অক্ষুণ্ণ রাখি, তাঁদের প্রাপ্য স্বাধীনতা দেই এবং একটি বৈষম্যহীন, আধুনিক ও মানবিক সমাজ গড়ে তুলতে অবদান রাখি। বিউটি রানি পালের এই লড়াই কেবল তাঁর একার নয়, এটি আমাদের পুরো সমাজের মর্যাদা ও বিবেককে বাঁচিয়ে রাখার লড়াই।

(লেখক একজন কবি, প্রাবন্ধিক, অনুবাদক, শিক্ষাবিদ ও সম্পাদক)