গুম-খুন, দুর্নীতিতে রাষ্ট্রীয় মদদ নেই, হবেও না: পার্থ এমপি

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে গুম, খুন কিংবা দুর্নীতির কোনো ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও এ ধরনের কোনো ঘটনা ঘটবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাটসংলগ্ন সিসি ব্লক ধসকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতারা।

ব্যারিস্টার পার্থ বলেন, গত ১৭ বছরে দেশের মানুষ যে পরিস্থিতি দেখেছে, বর্তমান সময় তার সঙ্গে কোনোভাবেই তুলনীয় নয়। এখন পত্রিকার পাতায় রাষ্ট্রীয় মদদে গুম, খুন, ব্যাংক লুট, গায়েবি মামলা কিংবা রাজনৈতিক হয়রানির খবর নেই। ভোলায়ও গত সাড়ে চার মাসে প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, চাপ সৃষ্টি বা দুর্নীতির কোনো অভিযোগ কেউ দেখাতে পারবে না।

তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি, গুম বা খুন হয়নি। ইনশাআল্লাহ, এগুলো আমাদের দ্বারা হবেও না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে ব্যারিস্টার পার্থ বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে সংঘাত ও মারামারির চর্চা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে অশালীন বক্তব্য পরিহার এবং ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা প্রয়োজন। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, নদীভাঙন রোধসহ ভোলার সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।