অ্যাপল আইফোনের জন্য আইওএস ২৬.৬-এর নতুন বিটা সংস্করণ উন্মুক্ত করেছে। আপডেটটিতে চোখে পড়ার মতো বড় কোনো পরিবর্তন না থাকলেও, এর ভেতরে যুক্ত হয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উন্নয়ন, যা ভবিষ্যতের আরও বুদ্ধিমান সিরির ভিত্তি তৈরি করবে।
নতুন সংস্করণ ইনস্টল করার পর আইফোন স্বয়ংক্রিয়ভাবে ডেটা রি-ইনডেক্সিং প্রক্রিয়া শুরু করবে। এই প্রক্রিয়ায় ফোনে থাকা ছবি, বার্তা, নোটসহ বিভিন্ন তথ্য নতুনভাবে সাজানো হবে। ফলে পরবর্তী আইওএস ২৭-এ আসতে যাওয়া এআই-নির্ভর সিরি আরও দ্রুত তথ্য খুঁজে বের করতে এবং ব্যবহারকারীর নির্দেশনা আরও নিখুঁতভাবে বুঝতে পারবে। অ্যাপলের তথ্য অনুযায়ী, আইওএস ২৬.৬-এ বাগ সমাধান, নিরাপত্তা জোরদার এবং স্পটলাইট ইনডেক্স অপটিমাইজেশনের মতো পরিবর্তনও রয়েছে। এগুলো ভবিষ্যতের এআই ফিচার নির্বিঘেœ চালানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করবে।
নতুন সিরি ব্যবহারকারীর ডিভাইসে সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে স্বাভাবিক ভাষায় করা অনুরোধের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য খুঁজে দিতে সক্ষম হবে। যেমন অনেক আগের কোনো বার্তা বা বন্ধুর দেওয়া রেস্তোরাঁর পরামর্শও নির্দিষ্ট শব্দ ছাড়াই খুঁজে বের করতে পারবে।
তবে রি-ইনডেক্সিং চলাকালে কিছু সময়ের জন্য ব্যাটারির ব্যবহার সামান্য বেড়ে যেতে পারে বা ফোনের কর্মক্ষমতায় অস্থায়ী প্রভাব দেখা দিতে পারে। পুরো প্রক্রিয়াটি ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। বর্তমানে আইওএস ২৬.৬ শুধু বিটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। চূড়ান্ত সংস্করণ প্রকাশের পর সব ব্যবহারকারী সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটি ইনস্টল করতে পারবেন।