উসকানিমূলক কথা, অশ্রাব্য ভাষা, মিথ্যা অপপ্রচারের কারণে হবিগঞ্জের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলাপকালে তিনি এ কথা বলেন।
হবিগঞ্জের ঘটনা প্রসঙ্গে রিজভী বলেন, ‘আমরা চাই দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। রাজনৈতিক দল মত প্রকাশ করবে সেটা করুক, কিন্তু এটাও মনে রাখতে হবে মত প্রকাশেরও একটা সভ্য মান থাকা উচিত; সভ্য ভাষা ও সভ্য শব্দ ব্যবহার করা উচিত। তা না করে যদি প্রতিনিয়ত উসকানিমূলক কথা বলা হয়, তা গণতন্ত্রের বিকাশ ও পরিবেশ রক্ষার জন্য সহায়ক হবে না।
তিনি বলেন, সবাইকে সহনশীল হতে হবে, সহিষ্ণুতা থাকতে হবে এবং এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে আমাদের পরস্পরের আলোচনা, সমালোচনা ও তর্ক-বিতর্ক কোনো ধরনের সংঘাতের দিকে না যায়। সংঘাতের সৃষ্টিই হয় উসকানিমূলক কথা, অশ্রাব্য ভাষা এবং মিথ্যা অপপ্রচার থেকে বলেও তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাগস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা এবং নির্ভয়ে চলাচলের নিশ্চয়তা এজন্য যে লড়াই ছিল ১৭ বছর, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরবর্তী পর্যায়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, এই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে সমাজে আন্দোলনের পটভূমি তৈরি হয়েছিল। আর সেই পটভূমির উপর দাঁড়িয়েই ছাত্র-ছাত্রী, জনতা ও শ্রমিকসহ সবার অভূতপূর্ব গণজাগরণ আমরা দেখতে পেলাম।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহসাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব ও কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আ-উয়ালসহ আরও নেতারা।