শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হতে যাচ্ছে মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪৫তম প্রযোজনা ‘ডা. হ্যানিম্যান’। স্বাস্থ্য খাতের সুরক্ষা ও চিকিৎসা সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা জানাতেই নাটকটির এই আয়োজন।
হোমিওপ্যাথির জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের জীবন ও কর্ম নিয়ে নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কু-ু এবং নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। ৮৮ বছরের যাপিত জীবনে ফ্রান্সের দিনগুলোয় হ্যানিম্যানের স্মৃতিরোমন্থন, নতুন চিকিৎসা পদ্ধতির সংগ্রাম, ট্রাইব্যুনালের মুখোমুখি হওয়া এবং গবেষণার নানা চড়াই-উতরাই উঠে এসেছে এতে। মহাকাল নাট্য সম্প্রদায়ের দল প্রধান ও বরেণ্য নাট্যজন মীর জাহিদ হাসান এ নাটকের নাম ভূমিকায় একক অভিনয় করছেন।
‘মানুষ মরণশীল, কিন্তু রোগের চিকিৎসা আছে’, এই অমোঘ বাক্যকে ধারণ করে নাট্যকার অপূর্ব কুমার কু-ু জানান, সত্যকে জানার ব্রত নিয়েই নাটকটি লেখা। নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময়ের মতে, সংলাপ ও ঘটনাপ্রবাহ মানুষকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেবে এবং মীর জাহিদ হাসানকে দর্শক এখানে একদম নতুনরূপে আবিষ্কার করবেন। পাঁচ দশকের অভিনয় অভিজ্ঞতা নিয়ে দর্শকদের সামনে নিজের সেরাটা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন একক অভিনেতা মীর জাহিদ হাসান।
নাটকটির মঞ্চ ও প্রপস পরিকল্পনায় পলাশ হেনড্রী সেন, পোশাকে আইরীন পারভীন লোপা, সংগীতে হামিদুর রহমান পাপ্পু, কোরিওগ্রাফিতে সৈয়দা কানিজ ফাতেমা লিসা এবং প্রযোজনা ব্যবস্থাপনায় রয়েছেন পলি বিশ্বাস।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার একই হলে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় নাটকটির আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।