বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা আজ ৭৪ বছরে পা রাখলেন। প্রতিবারের মতো এবারও জীবনের বিশেষ এই দিনটি কাটাবেন একমাত্র ছেলে অনিকের সঙ্গে। গত ২৪ জুলাই তিনি কানাডার টরেন্টোতে পৌঁছান। আজ টরেন্টোতেই অনিকের সঙ্গে কেক কেটে জন্মদিনের প্রথম প্রহর উদযাপন করবেন এই কিংবদন্তি অভিনেত্রী।
তবে এবার উদযাপন কেবল কানাডাতেই সীমাবদ্ধ থাকছে না। ছেলে অনিককে সঙ্গে নিয়ে আজ ভোরেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে খান মোহাম্মদ আলীর উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘আনন্দমেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬’। আগামী ২ আগস্ট আয়োজিত এই অনুষ্ঠানে ববিতার হাতে তুলে দেওয়া হবে সম্মানজনক ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। এর পরদিন একটি বিশেষ ডিনার পার্টিতেও তিনি অংশ নেবেন। যুক্তরাষ্ট্র পর্ব শেষে কিছুদিন নিজের মতো করে সময় কাটিয়ে আগামী ৫ আগস্ট ফের কানাডায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার।
২০২৬ সালটি ববিতার জন্য এমনিতেও প্রাপ্তির দিক থেকে বেশ অর্থবহ। কিছুদিন আগেই তিনি রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হয়েছেন। পাশাপাশি তার ঝুলিতে যুক্ত হয়েছে ‘মা পদক ২০২৬’। সেই অর্জনের ধারায় যুক্ত হলো যুক্তরাষ্ট্রের মাটি থেকে আজীবন সম্মাননা।
জন্মদিন উপলক্ষে এই গুণী শিল্পীকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে ‘দ্য বেস্ট টুয়েন্টিফোর’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে বিশেষ গান ‘আওয়ার ড্রিম গার্ল’। ওমর ফারুকের কথায় এবং শান সায়েক-এর সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ, শাপলা পাল, শান, রাইসা, জয় ও তানজিন মিথিলা। ববিতা নিজেও এই মিউজিক ভিডিওর দৃশ্যধারণে উপস্থিত ছিলেন।
ববিতা নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, দীর্ঘ অভিনয় জীবনে কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন। একমাত্র সন্তান অনিককে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে পেরেছেন। তাই জীবন নিয়ে তার কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই। তার জীবন প্রাপ্তি আর মানুষের নিখাদ ভালোবাসায় পরিপূর্ণ। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই তারকা।
আন্তর্জাতিক তারকা হওয়ার পেছনে ববিতার প্রাথমিক পথচলা ছিল বেশ নাটকীয়। ১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাটে জন্ম নেওয়া এই তারকার শৈশব কাটে যশোরে। পারিবারিক নাম ছিল পপি। বাবা সরকারি কর্মকর্তা এবং মা চিকিৎসক ছিলেন। মায়ের অনুপ্রেরণায় ববিতার প্রথম স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার।
কিন্তু ভগ্নিপতি জহির রায়হানের জোরাজুরিতে ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে প্রথম রুপালি পর্দায় পা রাখেন তিনি। তখন তার পর্দার নাম ছিল সুবর্ণা। তবে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে তার আগমন ঘটে জহির রায়হানের উর্দু ছবি ‘জ¦লতে সুরজ কে নিচে’র মাধ্যমে। সেই ছবির প্রযোজক আফজাল চৌধুরীর স্ত্রী সুরাইয়া আফজাল তার নাম বদলে রাখেন ‘ববিতা’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রায় দেড়শ চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে রুপালি জগতের এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।
আজ রাতে ববিতার দীর্ঘ পথচলাকে সম্মানিত করতে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘ববিতা সমগ্র’। রুম্মান রশীদ খানের উপস্থাপনায় এই অনুষ্ঠানে সহশিল্পী আলমগীর, মাসুদ পারভেজ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, চম্পা, জয়া আহসান এবং মেগাস্টার শাকিব খানের মতো তারকারা ববিতাকে নিয়ে তাদের স্মৃতিচারণ করবেন। এছাড়া চ্যানেল আইতে আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সম্প্রচার হবে ‘বরেণ্য ববিতা’। সঞ্চালনা করেছেন আবদুর রহমান।
ব্যক্তিগত জীবন ও অর্জনের এই স্বর্ণালি মুহূর্তে দাঁড়িয়ে ববিতা প্রমাণ করেছেন, সময়ের স্রোতে রুপালি পর্দার আলো হয়তো বদলায়, কিন্তু প্রকৃত নক্ষত্র চিরকাল নিজের আলোতেই স্বমহিমায় উজ্জ্বল থাকেন।
