দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু ও ভারতের নন্দিত পরিচালক এসএস রাজামৌলির বহুচর্চিত সিনেমা ‘বারাণসী’র মাধ্যমে দীর্ঘদিন পর ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে পুরোদমে চলছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। চলচ্চিত্রটিতে প্রিয়াঙ্কা নিজেই তার চরিত্রের তেলুগু ডাবিং করবেন কিনা, তা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন জল্পনা তৈরি হয়েছে। তবে বিষয়টি পরিষ্কার করেছেন ছবির প্রযোজক কে এল নারায়ণ। তিনি জানান, প্রিয়াঙ্কার তেলুগু ডাবিং নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে তিনি তেলেগু, হিন্দি ও ইংরেজির মিশ্রণে তার অংশের শুটিং করছেন। যেহেতু একাধিক ভাষায় সিনেমাটি মুক্তি পাবে, তাই পোস্ট-প্রোডাকশনের শেষ ধাপে কণ্ঠ দেওয়ার ব্যাপারে মূল সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ২০২৫ সালে একটি ইনস্টাগ্রাম লাইভে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তিনি তেলুগু ভাষা শিখছেন এবং নিজের চরিত্রে নিজেই কণ্ঠ দেওয়ার ইচ্ছে রয়েছে তার। প্রিয়াঙ্কার জন্মদিনে এই ছবিতে তার ‘মন্দাকিনী’ রূপের প্রথম লুক প্রকাশিত হলে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। এম এম কিরাবাণীর সুর-সংগীতে নির্মিত এই ছবিটি ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বজুড়ে পেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।