ঘোষণার অতিরিক্ত চকলেট আমদানি

ঘোষণার চেয়ে প্রায় ৫৪০ কেজি অতিরিক্ত চকলেট এবং ওয়েফার আমদানি করে শুল্ক ফাঁকি দেওয়ার দায়ে রেইনবো করপোরেশনকে ১৯ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।

গতকাল বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় অভিযান চালিয়ে রেইনবো করপোরেশন কর্তৃক আমদানিকৃত চালানে ঘোষণার চেয়ে ৪২৮ কেজি অতিরিক্ত চকলেট এবং ১১২ কেজি ওয়েফার সন্ধান পায়। মূল চালানে ৬ হাজার ৭০৪ দশমিক ৫৬ কেজি চকলেট ও ২ হাজার ৫৭২ দশমিক ১৬ কেজি ওয়েফার আমদানির ঘোষণা ছিল।

এনবিআর জানায়, বিচারাদেশের মাধ্যমে ওই পণ্যচালানে অতিরিক্ত শুল্ককর বাবদ ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা, অর্থদণ্ড বাবদ ১০ লাখ টাকা ও বিমোচন জরিমানা বাবদ ১ লাখ মিলিয়ে সর্বমোট ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে।