বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বলেছেন, কৃষি ও কৃষকের উন্নয়নে বিএডিসির প্রতি সরকারের গভীর বিশ্বাস ও আস্থা রয়েছে। এই গৌরবময় ঐতিহ্য আরও সুচারুরূপে কার্যক্রম সম্পাদনের মাধ্যমে সমুন্নত রাখতে হবে। গতকাল বুধবার বিএডিসির সম্মেলন কক্ষে সংস্থাটির বাস্তবায়নাধীন প্রকল্পের আর্থিক ও ভৌত অগ্রগতি পর্যালোচনায় এডিপি সভায় তিনি এ কথা বলেন। এতে বিএডিসির বিভিন্ন প্রকল্প পরিচালক, বিভাগ ও উইং প্রধানরা উপস্থিত ছিলেন।
মো. আজিজুল ইসলাম বলেন, কৃষি শব্দটির সঙ্গেই বিএডিসি ওতপ্রোতভাবে জড়িত। কৃষিক্ষেত্রে যেকোনো পর্যায়ে সভা হলে সেখানে স্বয়ংক্রিয়ভাবে বিএডিসির নামটি আলোচনায় উঠে আসে। স্মার্ট ও আধুনিক কৃষিব্যবস্থাপনায় গতিশীলতা আনয়নে বিএডিসির কার্যক্রমের পরিধি আরও বিস্তৃতির ক্ষেত্রে সরকারের গভীর পরিকল্পনা রয়েছে।
সভায় ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত কার্যক্রমের আর্থিক ও ভৌত অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় জানানো হয়, ওই অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) শীর্ষ স্থান অর্জন করেছে।