'অপরাজেয়' আজিঙ্কা রাহানে ক্রিকেটকে গুডবাই বললেন

আন্তর্জাতিক ক্রিকেট ও খেলার সব ফরম্যাট থেকে  অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তা এবং পোস্টের মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

২০১১ থেকে ২০২৩ পর্যন্ত বিস্তৃত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। সব ফরম্যাট মিলিয়ে ১৯৫ আন্তর্জাতিক ম্যাচে ১৫টি শতক ও ৫১টি অর্ধশতকসহ ৩৫.৯৫ গড়ে তাঁর সংগৃহীত মোট রান ৮,৪১৪। টেস্টে তিনি ৫০৭৭ রান (১২ শতক), ওয়ানডেতে ২৯৬২ রান (৩ শতক) এবং টি-টোয়েন্টিতে ৩৭৫ রান সংগ্রহ করেছেন।

রাহানের অধিনায়কত্বে অন্যতম সেরা অর্জন ছিল ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারত মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পর নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে দলের দায়িত্ব নেন তিনি। তাঁর মেলবোর্ন টেস্টে হাঁকানো দুর্দান্ত শতক এবং অসাধারণ নেতৃত্বে ভারত ঐতিহাসিক ২-১ ব্যবধানে বর্ডার-গাভাস্কার ট্রফি জয় করে। অধিনায়ক হিসেবে টেস্টে তাঁর রেকর্ড অনন্য—৬টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪টিতে জয় ও ২টি ড্র এনে দেন, কোনো হার নেই।

আইপিএলে শেষ দুই মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়া রাহানে এই সিদ্ধান্তের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়ালেন।

অবসরের ঘোষণায় আবেগপ্লুত হয়ে রাহানে বলেন, 'আমার ব্যাটিংয়ে সবসময় টাইমিংকে গুরুত্ব দিয়েছি। আজ আমার মনে হচ্ছে ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সঠিক সময়। ২০০৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে ভারতীয় ক্রিকেটের অগ্রযাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত। খেলোয়াড় হিসেবে অধ্যায় শেষ হলেও খেলার সাথে আমার যাত্রা থামছে না; তরুণ প্রজন্মকে সহায়তা করতে আমি প্রস্তুত।'

রাহানে বর্তমানে যুক্তরাজ্যে 'দ্য হানড্রয়েড' টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন।