লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক 

নাটোরের লালপুর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১২টার সময় আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের লালপুর থেকে ভেল্লাবাড়িয়া গামী পাকা রাস্তার মহারাজপুর শ্মশান সংলগ্ন ব্রিজের উপর এই অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন- উপজেলার চক নাজিরপুর গ্রামের মৃত আব্দুস সালাম ছেলে মো. আজিম আলী (২৬), উপজেলার কেশবপুর গ্রামে মো. আব্দুল মোত্তালেব ছেলে মো. মনোয়ার হোসেন (৩২) এবং মৃত বকুল ছেলে মো. ফরহাদ আলী (২২)।
তাদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৫ গ্রাম) উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি DAYANG 100CC মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় একটি মামলা করা হয়েছে। 
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। যেকোনো মূল্যে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।