পেকুয়ায় পৃথক অগ্নিকান্ডে ৬ বসতঘর পুড়ে ছাই 

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে ও পৌর এলাকায় পৃথক অগ্নিকান্ডে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার শিলখালী ইউনিয়নের হাজিরঘোনায় ২টি ও পেকুয়া পৌরসভার জালিয়াখালী গ্রামের ৪টিসহ মোট ৬টি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১ কোটি ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টায় ও সকাল সাড়ে ৯টায় পৃথক দুই স্থানে এ  ঘটনা ঘটে।

স্থানীয় সুত্র জানায়, পেকুয়া পৌরসভার জালিয়াখালী এলাকায় বৈদ্যুতিক সর্ট সার্কিটে মরহুম ওবাইদুল হাকিমের ৪ ছেলে মাহমুদুর রহমান, আমিনুল ইসলাম, আজিজুল হক, মোস্তাক আহমদের বসতবাড়ি ও অপরদিকে শিলখালী হাজিরঘোনা এলাকার দিনমজুর ওসমান গণি, জাকের হোসেনের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ওই পরিবারগুলোর নগদ টাকা, স্বর্ণালংকার, ফার্ণিসার, জমির দলিল, খতিয়ান, ফ্রিজসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের দুটি গাড়ী ঘটনাস্থলে গেলেও পৌছার আগেই বসতবাড়িগুলো পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছে। পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শফিউল আলম পৃথক দুই স্থানে অগ্নিকান্ডের কথা স্বীকার করেন। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড হয়েছে বলে জানান।