গাইবান্ধা জেলা শহরে অভিযান চালিয়ে অবৈধ জিরা মশলা জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চোরা চালানে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ আব্দুল মোত্তালিব সরকার।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পুলিশ সুপারের কার্যালয়ে সামনে থেকে জিরা মশলা বহনকারি একটি ট্রলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- শাহজালাল ইসলাম (২৫) ও নওশাদ হাসান (৩০)। তাদের দুইজনের বাড়ি জেলার পলাশবাড়ী উপজেলার পশ্চিম বেড়াডাঙ্গা গণেষপুর গ্রামে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা শহর থেকে একটি ট্রলিতে বস্তাভর্তি জিরা নিয়ে পলাশবাড়ী দিকে যাচ্ছিল। পথে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আসলে শাহজালাল ইসলামকে ট্রলিসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বিশেষ অভিযান চালিয়ে চোরা চালানে জড়িত নওশাদ মিয়াকে পলাশবাড়ী চারমাথা থেকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাশবাড়ী উপজেলার গনেশপুর বাজারে অবৈধ জিরা গোডাউন রয়েছে। সেখানে জিরাগুলো নিয়ে যাওয়া হবে। পরে রাতেই ওই গোডাউনে তল্লাশি করে অবৈধ জিরা প্যাকেজিং ৩০টি প্লাস্টিকের সাদা খালি বস্তা এবং ভারতীয় মার্কা খালি ১০ বস্তা জব্দ করা হয়।
আর ট্রলি থেকে ৮৮ টি বস্তা ( প্রতিটি বস্তা ২৫ কেজি) মোট ২ হাজার ২০০শ কেজি অবৈধ জিরা উদ্ধার করা হয়। যার বাজার মুল্য ১৩ লাখ ২০ হাজার টাকা।
ডিবির ওসি জানান, এসব জিরা অবৈধ পথে নিয়ে আসে তারা । পরে সেগুলো গোডাউনে রেখে বস্তা পরিবর্তন করে বগুড়ায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা হয়েছে। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।