বাসের চাপায় ৬ অটোরিকশা গেল দুমড়ে-মুচড়ে, ২ নারী নিহত

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ৬ সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় দুই নারী নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণে টানেল সংযোগ চত্বরে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার কাজল দত্তের স্ত্রী পলি দত্ত (৩০) ও একই এলাকার শিমুল শীলের স্ত্রী ইফা শীল (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টানেল হয়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস টানেল সংযোগ চত্বরে থাকা এক সঙ্গে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশে একটি চায়ের দোকানে ঢুকে যায়। এতে অটোরিকশাগুলো দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দুইজন নারীর মৃত্যু হয়। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগে দুই নারীর মৃত্যু হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দূর্ঘটনায় দুইজন নারী মারা গেছেন। কয়েকজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত