নোয়াপাড়া ট্রেন থেকে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার, আটক ২

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ট্রেন থেকে ছিনতাই করা দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে অবস্থানকালে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ট্রেনের ভেতর থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে দুই ব্যক্তি। পরে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে আইসি নোয়াপাড়ার নেতৃত্বে রেলওয়ে পুলিশের একটি দল তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নোয়াপাড়া রেলওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) এসআই লাল মিয়া জানান, সিলেট রেলওয়ে পুলিশ সুপার এবং শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসির নির্দেশনায় মোবাইল চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধার করা মোবাইল ফোন দুটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে। আটক দুইজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ জিআরপি থানায় চালান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত