স্পেন ও ফ্রান্সে ধ্বংসাত্মক তাণ্ডব চলার পর এবার পূর্ব ইউরোপেও ছড়িয়েছে দাবানল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বুধবার গ্রিসের ক্রিট দ্বীপ ও মূল ভূখণ্ডে দাবানল ভয়াবহ রূপ নেয়। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহু এলাকা থেকে বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। গ্রিসে আগুন নিয়ন্ত্রণে অভিযানে ৩ দমকলকর্মীর মৃত্যু হয়েছে। গ্রিসের দমকল বিভাগের এক মুখপাত্র জানান, ক্রিট দ্বীপের ক্রিয়া ভ্রিসি গ্রামের কাছে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময়, দুটি দাবানলের মাঝখানে আটকা পড়ে দুই দমকলকর্মী নিহত হন। একই দিন দেশটির পেলোপনেস অঞ্চলের আরেকটি দাবানলে দায়িত্ব পালনকালে আরও এক দমকলকর্মীর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রবল বাতাসের কারণে জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর কাছেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইউরোপীয় ইউনিয়নের জরুরি সাড়া কেন্দ্রের প্রধান জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতে গ্রিস ও ইতালি তীব্র দাবানলের ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও খরা বাড়ছে, যা দাবানলকে আরও ভয়াবহ করে তুলছে। গত কয়েকদিনের দাবানলে স্পেন ও ফ্রান্সের বহু এলাকা পুড়ে গেছে। দাবানলের কারণে দুই দেশের প্রায় সাড়ে ৩ লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।