‘অমিত শাহকে পদত্যাগ করতে হবে’

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২:০৯ এএম

শিক্ষার্থীদের ওপর ছররা গুলি ব্যবহারের অভিযোগ এবং আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগের ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রশ্নপত্র ফাঁস রুখতে এবং অপরাধীদের কঠোর শাস্তি দিতে ভারতের কেন্দ্রীয় সরকার এক সংশোধনী বিল এনেছে। গত বুধবার রাতে লোকসভায় তা কণ্ঠভোটে পাস হয়। তবে বিলটি পাসের সময় বিরোধী সদস্যরা ওয়াকআউট করেন। সেই বিল নিয়ে বিতর্কের সময় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছররা গুলি ব্যবহারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। তিনি বলেন, শিক্ষার্থীদের শরীরে ছররা গুলি লাগার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী দায় এড়াতে পারেন না এবং তাকে পদত্যাগ করতে হবে।

রাহুল আরও বলেন, যদি অমিত শাহ দাবি করেন যে ঘটনাটি সম্পর্কে তিনি কিছুই জানতেন না, তাহলে তিনি দায়িত্ব পালনে অযোগ্য। আর যদি তার নির্দেশেই এমন ঘটনা ঘটে থাকে, তাহলে তিনি সরাসরি দায়ী। দুই পরিস্থিতিতেই তার পদে থাকা উচিত নয়। লোকসভায় দেওয়া বক্তব্যে রাহুল অভিযোগ করেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর রয়েছে। তিনি দাবি করেন, সংসদ ভবনে অমিত শাহর গাড়িবহর দেখা গেলেও তাকে অধিবেশনে উপস্থিত হতে দেখা যায়নি। রাহুলের অভিযোগ, ছররা গুলির ঘটনায় একজন শিক্ষার্থী দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং সারা জীবনের জন্য অন্ধ হয়ে যেতে পারেন। এ ঘটনার জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

গত বুধবার রাতে সামাজিক মাধ্যম এক্সে রাহুল গান্ধীর লোকসভায় দেওয়া বক্তব্য শেয়ার করে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে জবাব দিতে হবে। রাহুলের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সৌরভ বলেন, সংসদ পদযাত্রায় পুলিশের পদক্ষেপে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। পাশাপাশি ওই দিনের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি দায়বদ্ধতা দেখানো প্রয়োজন বলেও মন্তব্য করেন সিজেপি মুখপাত্র। তবে রাহুল গান্ধীর অভিযোগের বিরোধিতা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সংসদীয়মন্ত্রী কিরেন রিজিজু প্রশ্ন তোলেন, ছররা গুলি ব্যবহারের নির্দেশ অমিত শাহ দিয়েছিলেন এমন দাবির পক্ষে রাহুলের কাছে কোনো প্রমাণ আছে কি না। তিনি রাহুলের বক্তব্যকে অধিকারভঙ্গের সঙ্গে তুলনা করে ক্ষমা চাওয়ার দাবি জানান এবং বিতর্কিত বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আহ্বান জানান।

ছররা গুলি ব্যবহারের বিষয়ে সিআরপিএফের মহাপরিচালক জ্ঞানেন্দ্র প্রতাপ সিংও বক্তব্য দিয়েছেন। তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং এর সব দায় ও জবাবদিহি তিনি গ্রহণ করবেন। ছররা গুলি ব্যবহারের অভিযোগ উঠেছে র‌্যাফের বিরুদ্ধে। র‌্যাফ সিআরপিএফের অধীন হলেও দিল্লি পুলিশের নির্দেশনায় কাজ করে। দুটি বাহিনীই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। তবে সিআরপিএফ প্রধানের বক্তব্যের মাধ্যমে অমিত শাহকে দায়মুক্ত রাখার চেষ্টা করা হচ্ছে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত