কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের সাব বাড়ির এক ব্যক্তির গোয়াল ঘর থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালে গোপন সংবাদে জানতে পারে হায়দরাবাদ গ্রামের সাব বাড়ির একটি গোয়াল ঘরে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা মজুদ করা আছে। পরে বাঙ্গরা বাজার থানার ওসির দিকনির্দেশনায় এসআই মো. নাজিম উদ্দিন, এসআই ফেরদৌস রনী, এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই মো. আল আমিনসহ সঙ্গীয় ফোর্স উক্ত বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল ঘরের মজুদ রাখা প্লাস্টিকের বস্তা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় আসামি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।