মির্জা ফখরুল বললেন

জুলাই আকাক্সক্ষা বাস্তবায়নে দৃশ্যমান পরিবর্তন হয়নি

জুলাই অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে গত ৫ মাসে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মন-মানসিকতায় পরিবর্তন আনতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া কষ্টকর। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবনে (ডিএফপি অডিটোরিয়াম) জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অনেকেই যারা ঘুষ খেতেন, দুর্নীতি করতেন ও সুযোগের ব্যবহার করতেন তারা ফ্যাসিস্ট থেকে ভোল পাল্টে জুলাইয়ের পরিবর্তনে এসে সুবিধা নিচ্ছেন। এ সবই দুঃখজনক। এ সব সংস্কৃতি বদলের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘জুলাই পরবর্তী দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন। নতুন করে বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী আচরণগত সংস্কৃতির পরিবর্তনেরও চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী ক্লিন সিটি গড়তে নিজে ডাস্টবিনে ময়লা ফেলতে বলেন। তিনি সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। তিনি তরুণদের মধ্যে পরিবর্তনের আশা জাগিয়ে তুলছেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রের কাক্সিক্ষত পরিবর্তন নিশ্চিত করা।

মির্জা ফখরুল বলেন, পরিবর্তন বাইরে থেকে আসবে না; পরিবর্তন শুরু করতে হবে নিজেদের মধ্য থেকেই। দেশের মানুষ পরিশ্রমী ও ত্যাগী। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও পিএসসির সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জুলাই শহীদ দিবস বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।