হাজিদের সঙ্গে প্রতারণা করলে কঠোর শাস্তি

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এই যাত্রায় বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক খরচে, হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ তৈরিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। গত বছর আমরা টিকিট প্রতি খরচ ১২ হাজার টাকা কমাতে সক্ষম হয়েছিলাম। এবার আমরা টিকিট প্রতি খরচ আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এ ছাড়া মন্ত্রণালয় সৌদি সরকারকে বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য অনুরোধ করেছে। বাংলাদেশি হাজিদের আবাসন খরচ কমানোর লক্ষ্যে বিশেষ সুবিধা আরোপের বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেও বিস্তর আলোচনা হয়েছে। হজযাত্রীদের সঙ্গে কোনোরকম প্রতারণা করা হলে সর্বোচ্চ শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।  

ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, বাংলাদেশের হজযাত্রীদের মাত্র পাঁচ শতাংশের মতো সরকারি মাধ্যমে হজ পালন করেন, বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজে যান।

তিনি সরকারের ভাবমূর্তি ক্ষুণœœ হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকতে এজেন্সি মালিকদের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে রাজকীয় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।