সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। এর মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অধীন দপ্তর-সংস্থায় বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের অডিটরিয়ামে এ কার্যক্রম শুরু হয়। উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশ্রাফুল হক, মো. আলমগীর খান প্রমুখ।
কার্যক্রমের প্রথম দিনে উপ-বিভাগীয় প্রকৌশলীদের মধ্যে ৭৬৭জন (সিভিল) উপ-বিভাগীয় প্রকৌশলীকে বদলি করা হয়। লটারির ফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৩১৭ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, খুলনা বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, সিলেট বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
উপ-সহকারী প্রকৌশলীদের গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন শাখায় পদায়ন করা হয়েছে। আগামী সপ্তাহে ই/এম ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল শাখায় লটারির মাধ্যমে বদলি করা হবে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।