বিশ্বকাপে কোহলি-রোহিতকে দেখতে চান পাকিস্তান কিংবদন্তি

আসছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের দুই ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ২২ গজে দেখতে চান পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস। বয়স নিয়ে চলমান সব আলোচনা ও জল্পনা উড়িয়ে দিয়ে এই দুই অভিজ্ঞ তারকার ওপর পূর্ণ আস্থা রাখছেন ক্রিকেট বিশ্বের ‘এশিয়ান ব্র্যাডম্যান’ খ্যাত এই পাকিস্তান কিংবদন্তি।

আফ্রিকার মাটিতে হতে যাওয়া আগামী ওয়ানডে বিশ্বকাপে রোহিত ও কোহলিকে ভারতের ব্যাটিং অর্ডারের মূল চালিকাশক্তি হিসেবে দেখতে চান ৭৯ বছর বয়সী আব্বাস। যদিও টুর্নামেন্ট চলাকালীন রোহিতের বয়স ৪০ এবং কোহলির বয়স ৩৯ ছুঁইছুঁই করবে; যা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে নানা হিসাব-নিকাশ চলছে; তবুও আব্বাসের মতে, ফিটনেস ও পারফরম্যান্স ঠিক থাকলে বয়স কখনোই বড় কোনো বাধা হতে পারে না।

সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘দক্ষতা ও অভিজ্ঞতার বিচারে তারা দুজনেই অত্যন্ত উঁচুমটের খেলোয়াড়। ফিটনেস ঠিক রেখে তারা যদি রান করা অব্যাহত রাখেন, তবে তাদের বিশ্বকাপ না খেলার কোনো কারণই আমি দেখি না। দীর্ঘ মেয়াদে পারফর্ম করতে পারলে বয়স এখানে কোনো ফ্যাক্টর নয়।’

তবে কোহলির ফিটনেস ও চটপটে স্বভাবের প্রশংসা করার পাশাপাশি রোহিত শর্মাকে নিজের ফিটনেসের প্রতি আরও একটু যত্নশীল হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সাম্প্রতিক সিরিজে কোহলি কিছুটা সাদামাটা থাকলেও ঠিকই আলো ছড়িয়েছেন রোহিত। লর্ডসে ইংল্যান্ডের বিশাল ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিতের সেই দুর্দান্ত ১৩৮ রানের শতকটি এখনো মনে গেঁথে আছে ক্রিকেটপ্রেমীদের। এ প্রসঙ্গে মুগ্ধতা প্রকাশ করে আব্বাস বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে রোহিতের সেই সেঞ্চুরিটি আমি দেখেছি। তাকে ব্যাট করতে দেখা এখনো চোখের শান্তির মতো। সে কত অবলীলায় এবং চমৎকার টাইমিংয়ে শট খেলে!’ 

২০১৫ সাল থেকে টানা তিনটি ওয়ানডে বিশ্বকাপে একসঙ্গে দেশের প্রতিনিধিত্ব করা এই দুই তারকার অভিজ্ঞতা ২০২৭ সালের বৈশ্বিক মঞ্চেও ভারতের দলের জন্য অনেক বড় প্রাপ্তি হবে বলেই বিশ্বাস এই পাকিস্তানি কিংবদন্তির।