দলে সুযোগ না পেয়ে ভারতীয় নারী ক্রিকেটারের আত্মহত্যা

ক্রিকেট খেলার মাঠেই যার জীবন আবর্তিত হতো, সেই ১৭ বছর বয়সী উদীয়মান নারী ক্রিকেটার অদিতি চৌখাণ্ডে নিজের ঘরেই বেছে নিলেন আত্মহননের পথ। গত বুধবার সকালের দিকে ভারতের নাগপুরের লক্ষ্মীনগর এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দলে সুযোগ না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

অদিতির আত্মহত্যার এই খবর নিশ্চিত করেছে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম।

মহারাষ্ট্রের আকোলা থেকে উন্নত ক্রিকেটের খোঁজে দুই বছর আগে মায়ের হাত ধরে নাগপুরে পা রেখেছিলেন অদিতি। উদ্দেশ্য ছিল একটাই, ক্রিকেটে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করা। পেশাদার ক্রিকেটার ভাই প্রবাল চৌখাণ্ডের সাথে নিয়মিত অনুশীলন করতেন নেটে, আর এ বছরই সফলভাবে পাস করেছিলেন উচ্চমাধ্যমিক। পরিবার থেকেও ছিল সমর্থন। কিন্তু নিজের কাছে হয়তো সব স্বপ্ন আর সাধনা ফিকে হয়ে যায় যখন বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দল ঘোষণায় তার নাম বাদ পড়ে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। যেখানে লেখা ছিল, ‘আমি দলে জায়গা পাইনি’। একই সাথে ভাই প্রবালকে উদ্দেশ্য করে তিনি রেখে গেছেন বড় ক্রিকেটার হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করার এক অন্তিম শুভকামনা।

নাগপুর পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিন ধরে একাদশে জায়গা না পাওয়ার তীব্র মানসিক চাপ ও হতাশা থেকেই এই চরম পদক্ষেপ নিয়েছেন এই তরুণী। যদিও মৃত্যুর নেপথ্যের আসল কারণ অনুসন্ধানে পুলিশি তদন্ত এখনও অব্যাহত রয়েছে। সম্ভাবনাময় এক অদিতির এমন মর্মান্তিক প্রয়াণ গোটা মহারাষ্ট্রের ক্রিকেটাঙ্গনে গভীর শোক ও বিষাদের ঘোর ছায়া নেমে এসেছে।