ভারতকে আনতে সরকারের সহায়তা চেয়েছে বিসিবি

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

ভারত ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভাপতি তামিম ইকবাল  গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করে ভারত সরকারের সঙ্গে সরকারি পর্যায়ে যোগাযোগের অনুরোধ জানান, যাতে বাংলাদেশ সফর নিয়ে ভারতীয় কর্তৃপক্ষকে আশ্বস্ত করা যায়।

ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে লিখেছে, ওই বৈঠকে তামিমের সঙ্গে ছিলেন বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ। বৈঠকের বিষয়ে জানতে চাইলে তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য করতে চাননি।

বিসিবি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সেপ্টেম্বরে ভারতের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও এখনো সফরটি নিশ্চিত করেনি বিসিসিআই। এ কারণে সরকারিভাবে ভারতের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে বিসিবি।

এর আগে ২৯ জুলাই তামিম ইকবাল জানান, ভারত সিরিজ নিয়ে তারা আশাবাদী। তবে বিষয়টি এমন একটি পর্যায়ে রয়েছে, যেখানে বিসিবির করণীয় সীমিত এবং প্রয়োজন হলে সরকারকেই পদক্ষেপ নিতে হবে।

মূলত ২০২৪ সালে হওয়ার কথা ছিল বাংলাদেশ-ভারত সিরিজটি। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে সেটি স্থগিত হয়। পরে ২০২৫ সালে সিরিজটি আয়োজনের পরিকল্পনা থাকলেও দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের টানাপোড়েনের কারণে সেটি অনিশ্চয়তার মধ্যে পড়ে।

তবে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির কারণে সিরিজটি আয়োজনের সম্ভাবনা আবারও জোরালো হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সম্প্রতি ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। একই সঙ্গে গত ২৯ জুলাই পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান জানান, ঢাকা ও নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত