পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে আলজারি জোসেফের নাম প্রত্যাহার করাকে কেন্দ্র করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে আলোচনার ঝড় উঠেছে। তারই সূত্র ধরে কোচ ড্যারেন স্যামির বিরুদ্ধে প্রকাশ্য ক্ষোভ উগড়ে দিয়ে পেসার জোসেফ সাফ জানিয়ে দিয়েছেন, কোচের সাম্প্রতিক মন্তব্যটি সম্পূর্ণ ‘বিতর্কিত এবং প্রসঙ্গহীন’।
দল নির্বাচন নিয়ে কোচের এই মন্তব্য জনসমক্ষে তাকে হেয় প্রতিপন্ন করার একটি উদ্দেশ্যপ্রণোদিত কৌশল ছিল বলেই ইঙ্গিত দিয়েছেন এই ক্যারিবীয় গতিতারকা।
সম্প্রতি অ্যান্টিগার এক ক্রীড়া রেডিও শো’তে নিজের অনুপস্থিতির আসল কারণ খোলাসা করেন জোসেফ। দীর্ঘ এক বছর পিঠের গুরুতর ইনজুরি ও রিহ্যাব প্রক্রিয়া কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এই পেসার জানান, শরীরের ওপর ধকল এড়াতেই তিনি এই টেস্ট সিরিজ থেকে বিরতি নিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি টানা পাঁচটি ওয়ানডে খেলার পর তার শরীর যে আরেকটি টেস্ট সিরিজের ধকল নেওয়ার মতো অবস্থায় ছিল না, তা কোচ এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিউআই) কর্তৃপক্ষকে আগেই পরিষ্কার করে জানিয়েছিলেন তিনি।
গত ২৩ জুলাই সিডব্লিউআই দল ঘোষণার সময় জোসেফের না খেলার কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছিল। কিন্তু এর এক দিন পরই কোচ ড্যারেন স্যামি গণমাধ্যমে জানান যে, জোসেফকে স্কোয়াডে রাখা হয়েছিল কিন্তু তিনি নিজেই দল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কোচের এই প্রকাশ্য মন্তব্যেই মূলত বিতর্কের আগুন জ্বলে ওঠে।
এ প্রসঙ্গে তীব্র অসন্তোষ প্রকাশ করে জোসেফ বলেন, ‘কোচ স্যামির সঙ্গে আমার কথা হয়েছিল, বোর্ডকেও আমি বিষয়টি জানিয়েছি। বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে ‘ব্যক্তিগত কারণ’ লেখা থাকা সত্ত্বেও স্যামি কেন এমন মন্তব্য করলেন, তা তিনি ভালোভাবেই জানেন। একজন অভিজ্ঞ মানুষ হিসেবে তিনি বেশ ভালো করেই জানতেন যে এই একটিমাত্র বাক্য জনসাধারণের মাঝে কী ধরনের বিভ্রান্তিকর ও নেতিবাচক বয়ান তৈরি করবে।’
তবে কোচের সঙ্গে এই জনসমক্ষে তৈরি হওয়া ফাটল বা শীতল সম্পর্কের প্রভাব নিজের পেশাদারিত্বে পড়তে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জোসেফ। অত্যন্ত দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ‘আমি একজন পেশাদার খেলোয়াড়, তাই আমি আমার কাজ করতে যাচ্ছি। আমি ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করছি, ড্যারেন স্যামিকে নয়। সুতরাং আমাদের মধ্যকার সম্পর্ক নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি মাঠে বন্ধু বানাতে যাই না, আমার কাজ হলো মাঠে নেমে নিজের দায়িত্ব পালন করা এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণ করা।’
