চরফ্যাশনে পুকুরে অজ্ঞাত যুবকের মরদেহ

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে চর কচ্ছপিয়া গ্রামের সোলেমান ফরাজির পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দক্ষিণ আইচা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় এক থেকে দুই দিন আগে হতে পারে।

স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন ধরে ওই ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেলেও তার পরিচয় কেউ জানাতে পারেননি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় কোনো অভিযোগও পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।