প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। যারা তাদের বুকের রক্ত দিয়ে আমাদের কথা বলা, রাজনীতি করার সুযোগ করে দিয়ে গেছেন। আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ জুলাইয়ের সকল শহিদেরা আমাদের শক্তি।
তাদের অবদানের কারণেই আজ আমরা স্বাধীনভাবে দেশে বসবাস করতে পারছি। না হলে, আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের সকল শক্তিকে নিঃশেষ করে দিতো।
শুক্রবার (৩১ জুলাই) বিকালে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে জুলাই শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
রাশেদ খান আরও বলেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি সরকারের আমলেই বাস্তবায়ন করা হবে। জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচার নিয়ে বিরোধী দলগুলো আজ বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি তাদের বলতে চাই, আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করা হবে। এনসিপি ও জামায়াত জুলাই গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করার অপচেষ্টা করে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড আমাদের জুলাই শহিদেরা।
তিনি আরও বলেন, এনসিপির সাংগঠনিক সক্ষমতা বিএনপির ১০ ভাগের এক ভাগও নেই। তারপরও তারা যে অবস্থা তৈরি করছে, তাতে বুঝা যায়, এনসিপি বিএনপির মতো সাংগঠনিক সক্ষমতা থাকলে তারা আওয়ামী লীগের মতো ভয়ংকর হয়ে উঠতো। এই এনসিপি সাংগঠনিক ভাবে শক্তিশালী হলে আগামীতে আওয়ামী লীগের রূপ ধারণা করবে। জামায়াত জুলাই গণঅভ্যুত্থানের ক্রেডিট নিতে চায়। কিন্তু নির্বাচনে প্রমাণ হয়ে গেছে, গণঅভ্যুত্থানের ক্রেডিট কাদের। গণঅভ্যুত্থানে বিএনপির সাংগঠনিক শক্তি মাঠে ছিল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জীবন গেছে। যে কারণে নির্বাচনে জনগণ বিএনপিকেই নির্বাচিত করেছে।
রাশেদ খান বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে বসে বড় বড় কথা বলছে। ভিডিও বার্তা, অডিও বার্তায় সে দেশে ফেরার হুমকি দিচ্ছে। আপনি দেশে আসুন। আপনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। আপনাকে ফাঁসির দড়িতে ঝুঁলতে হবে। জুলাই গণহত্যার দায়ে আপনাকে বিচারের মুখোমুখি হতেই হবে।
