কুমিল্লায় লরির ধাক্কা চিকিৎসকের মৃত্যু

মাত্র কয়েক মাস আগে বেঁধেছিলেন নতুন সংসার। হরেক রকম স্বপ্ন আর ভালোবাসার মানুষকে পাশে নিয়ে মোটরসাইকেলে করে রাজধানী ঢাকা থেকে নিজ বাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন চিকিৎসক শান্ত চন্দ্র শীল (৩২)। কিন্তু বাড়ি আর ফেরা হলো না তার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে গেল তরুণ এই চিকিৎসকের জীবনপ্রদীপ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

নিহত শান্ত চন্দ্র শীল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কৃষ্ণ চন্দ্র শীলের ছেলে। তিন সন্তানের মধ্যে শান্তই ছিলেন বাবা-মায়ের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি লরি একই দিকে যাওয়া একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা শান্ত চন্দ্র শীলের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে শান্ত ও তার স্ত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত চন্দ্র শীলকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, শান্ত চন্দ্র শীলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।