হোমনা

সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম

কুমিল্লার হোমনায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের সঙ্গে অসদাচরণ এবং তাকে অফিস ছেড়ে চলে যেতে বলার অভিযোগে ছয় দলিল লেখকের সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) কুমিল্লার জেলা রেজিস্ট্রার মো. মনিরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। সনদ স্থগিত হওয়া দলিল লেখকেরা হলেন—আব্দুল লতিফ, মো. হাবিবুর রহমান, মো. দুধ মিয়া, মো. মাইনুদ্দিন, মো. অলি উল্লাহ ও আব্দুল অদুদ।

জেলা রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, হোমনার নিয়মিত সাব-রেজিস্ট্রার দুই মাসের প্রশিক্ষণে থাকায় তিতাস উপজেলার সাব-রেজিস্ট্রার মো. শরীফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

গত ২৬ জুন একটি দলিল নিবন্ধনের জন্য ওই ছয় দলিল লেখক তার ওপর চাপ প্রয়োগ করেন। প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি থাকায় তিনি দলিলটি নিবন্ধন করতে অপারগতা প্রকাশ করলে তারা তার সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে তাকে অফিস ছেড়ে চলে যেতে বলেন বলেও অভিযোগ ওঠে।

পরে বিষয়টি জেলা রেজিস্ট্রারকে জানানো হলে গত ৫ জুলাই অভিযুক্ত ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ১৪ জুলাই তাঁরা লিখিত জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় তাঁদের সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়।

জেলা রেজিস্ট্রার মো. মনিরুল হাসান জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত