ইনস্টাগ্রামে রিল তৈরি করে পোস্ট করার পর অনেক সময় মনে হয়, ভিডিওর সঙ্গে দেওয়া গানটি ঠিক মানানসই হয়নি। আবার কখনো পছন্দের কোনো নতুন গান ট্রেন্ডিংয়ে চলে আসে, তখন পুরনো রিলসে সেটি যোগ করার ইচ্ছা জাগে। কিন্তু এতদিন পর্যন্ত সেই সুযোগ ছিল না। গান পরিবর্তন করতে হলে রিলস ডিলিট করে নতুন করে আপলোড করতে হতো। এতে হারিয়ে যেত আগের লাইক, কমেন্ট ও এনগেজমেন্ট। ব্যবহারকারীদের এই সমস্যার সমাধানে নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম। নতুন অডিও রিপ্লেস ফিচার ব্যবহার করা খুব সহজ। এর জন্য প্রথমে ইনস্টাগ্রামে নিজের পোস্ট করা রিলসটি খুলতে হবে। এরপর ওপরের ডান পাশে থাকা অপশন মেনুতে গিয়ে ‘এডিট’ নির্বাচন করতে হবে। সেখানে ‘রিপ্লেস অডিও’ বা অডিও পরিবর্তনের অপশন দেখা যাবে। এরপর ইনস্টাগ্রামের মিউজিক লাইব্রেরি থেকে পছন্দের নতুন গান বেছে নিয়ে সেটি সংযুক্ত করে সেভ করলেই কাজ শেষ। নতুন গান যুক্ত করার পর রিলসটি আগের মতোই থাকবে। পরিবর্তন হবে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক। ফলে আগের লাইক, কমেন্ট কিংবা ভিউয়ের ওপর কোনো প্রভাব পড়বে না। এর আগে কোনো কারণে রিলের অডিও সরিয়ে দেওয়া হলে বা কপিরাইট সমস্যার কারণে গান মিউট হয়ে গেলে ব্যবহারকারীদের নতুন করে রিলস আপলোড করতে হতো। এতে পুরনো পোস্টের জনপ্রিয়তা ও দর্শকের প্রতিক্রিয়া হারিয়ে যেত। নতুন ফিচারের মাধ্যমে সেই ঝামেলা অনেকটাই কমবে।