কাবাডিতে ফিরছে লিগ

দেশের জাতীয় খেলা কাবাডিকে আবারও গতিশীল ও প্রতিযোগিতামূলক ধারায় ফিরিয়ে আনতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটি। বৃহস্পতিবার কমিটির প্রথম সভায় দীর্ঘদিন বন্ধ থাকা ঘরোয়া প্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় কাবাডি লিগ পুনরায় চালুর নীতিগত সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, কোচ ও রেফারি উন্নয়ন এবং সারা দেশে কাবাডির বিস্তারে নানা কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, কোষাধ্যক্ষ জাহিদ ইকবাল আলমাস, সদস্য দেলোয়ার হোসেন, আবদুল জলিল, এস এম এ মান্নান এবং মাহবুব হোসেন বিজনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় দেশের কাবাডির বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অ্যাডহক কমিটির সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরে নিয়মিত ঘরোয়া লিগ না থাকায় খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পরিবেশে খেলার সুযোগ কমে গেছে। ফলে জাতীয় দলের জন্য নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির ধারাবাহিকতাও ব্যাহত হয়েছে। এ অবস্থায় দ্রুত ঘরোয়া লিগ চালু করে ক্লাবভিত্তিক কাবাডি কার্যক্রমকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ম্যাটে সুষ্ঠুভাবে খেলা চালানোর জন্য ১৩টি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া গত অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ও তার প্রতিষ্ঠান অ্যাডটাচের যাবতীয় বিল-ভাউচার নিরীক্ষাকল্পে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।

জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন, প্রতিভাবান খেলোয়াড় বাছাই, প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা, কোচিং কর্মশালা এবং রেফারি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। বয়সভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মকে কাবাডির প্রতি আগ্রহী করতে চায়।