প্রথমবারের মতো আসিয়ান দেশগুলোকে নিয়ে আয়োজন করা হচ্ছে ফিফা আসিয়ান কাপ। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দুই বিভাগে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নেবে ১৪টি দেশ। আসিয়ান অঞ্চলের বাইরের দেশ হিসেবে ভারত ও পাকিস্তান আমন্ত্রণ পেলেও জায়গা হয়নি বাংলাদেশের। বিষয়টি নিয়ে এখন নড়েচড়ে বসেছে বাফুফে। বিষয়টি জাতীয় টিমস কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাফুফে থেকে আসিয়ান কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে এমন কোনো টুর্নামেন্ট হলে বাংলাদেশের আগ্রহের বিষয়টি জানিয়ে রাখবে বাফুফে। এবারের টুর্নামেন্টে প্রিমিয়ার ডিভিশনে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত ও পাকিস্তান। চ্যালেঞ্জ ডিভিশনে রয়েছে হংকং (আয়োজক), মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ব্রুনাই ও পূর্ব তিমুর।
