বাড্ডায় সড়কে প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

রাজধানীর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় শেফালী বেগম নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ২১ নম্বর ওয়ার্ড এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কাজে কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে তার বাড়িতে সমবেদনা জানাতে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় ডিএনসিসির পক্ষ থেকে ৪ লাখ টাকা আর্থিক অনুদান এবং এক বছরের সমপরিমাণ বেতন দেওয়ার ঘোষণা দেন প্রশাসক শফিকুল ইসলাম খান।

পরে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত সাংবাদিকদের বলেন, ফিটনেসবিহীন যেসব গাড়ি রাস্তায় চলাচল করে এবং যেসব চালক অদক্ষ বা লাইসেন্সবিহীন, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিচ্ছেন। তারা যাতে নিরাপদে ও নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে বেপরোয়া গাড়ি চালিয়ে যানজট সৃষ্টি ও দুর্ঘটনা ঘটানো চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএনসিসির কোনো গাড়ি যদি অদক্ষ চালক বা হেলপার চালিয়ে থাকে, তাহলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জানামতে ডিএনসিসির কোনো গাড়ি হেলপার বা অদক্ষ চালক চালান না বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে বাড্ডা থানা পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়ি ও এর চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।