সুন্দলপুর গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন শুরু

নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর গ্যাসক্ষেত্রে গত বুধবার নতুন কূপ খনন শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কূপ খনন শুরু করে। ‘সুন্দলপুর-৪’ নামের কূপটি খনন করতে দুই মাসের মতো সময় লাগবে। এখান থেকে দৈনিক ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করা হচ্ছে। যদিও সুন্দলপুরের কোনো কূপ থেকেই দৈনিক ভিত্তিতে এত বেশি গ্যাস উত্তোলন করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

হাইড্রোকার্বন ইউনিট সূত্র বলছে, সুন্দলপুর গ্যাসক্ষেত্রে সম্ভাব্য মজুদ রয়েছে ৫০ বিসিএফ। গত এপ্রিল মাসের প্রতিবেদন বলছে, এর মধ্যে ২৩ বিসিএফ এরই মধ্যে উত্তোলন করা হয়েছে। খুব ছোট আকারের এই ক্ষেত্রটি থেকে কখনোই উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস উত্তোলন করা সম্ভব হয়নি।

নতুন কূপটি সেনবাগ উপজেলার নবিপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত। এর আগে ২০১৩ সালে পাশের উপজেলা কোম্পানীগঞ্জের সিরাজপুর এলাকায় সুন্দলপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়। এখানেই পর্যায়ক্রমে তিনটি কূপ খনন করা হয়। কিন্তু খুব বেশি পরিমাণ গ্যাস না থাকলেও সুন্দলপুর গ্যাস ক্ষেত্রটি বেশ কিছু এলাকায় বিস্তৃত।

কূপটির ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, ভূতাত্ত্বিক জরিপের ফলাফল অনুযায়ী প্রায় ১ হাজার ৩৬১ মিটার গভীরে সম্ভাব্য গ্যাসের স্তর থাকার ধারণা করা হচ্ছে। সেই হিসেবে প্রাথমিকভাবে ১ হাজার ৬০০ মিটার খনন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আশা করেন, ২ মাসের মধ্যে খনন শেষ হবে।

বাপেক্সের খনন বিভাগের একজন কর্মকর্তা জানান, সুন্দলপুরে এর আগে তিনটি কূপ খনন করা হয়েছে। প্রথমবার ২০১৩ সালে খনন করা কূপ থেকে এখন আর গ্যাস পাওয়া যায় না।

এ ছাড়া ৩ নম্বর কূপটির উপরের স্তর থেকে গ্যাস তোলা শেষ। কূপটি পানির কারণে বন্ধ রয়েছে। ওয়ার্কওভার বা সংস্কার করে কূপটি থেকে পুনরায় গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হবে। এখন সচল একটি কূপ (২ নম্বর) থেকে দৈনিক ১ দশমিক ১ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হচ্ছে। কূপটির উৎপাদন ক্ষমতা দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট বলে পেট্রোবাংলা তাদের দৈনিক উৎপাদন চার্টে উল্লেখ করেছে।

যদিও গ্যাস কূপ খনন শেষ হলে সঙ্গে সঙ্গেই তা গ্রিডে সরবরাহ সম্ভব নয়।

কূপ থেকে গ্রিড পর্যন্ত নতুন পাইপলাইন এবং প্রসেস প্ল্যান্টের জন্য অপেক্ষা করতে হবে। তবে সুন্দলপুর পুরনো ক্ষেত্র হওয়ায় কোম্পানীগঞ্জ থেকে সেনবাগে পাইপলাইন নির্মাণ করলেই এই গ্যাস গ্রিডে আনা সম্ভব হবে।