কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলে বাংলাদেশে প্রবেশের সময় একটি রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছেন। নৌকায় থাকা মাঝিমাল্লাসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের দাবি, নিখোঁজদের কেউ কেউ সাঁতরে অন্যত্র উঠেছেন। উদ্ধার হওয়া ১৮ জনকে টেকনাফ-২ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোট ৩১ জনকে নিয়ে নৌকাটি শাহপরীর দ্বীপ উপকূলের কাছাকাছি পৌঁছালে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, মিয়ানমারে সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলা সংঘর্ষের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসার পথে শাহপরীর দ্বীপ উপকূলে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে।
এ দিকে বিজিবি গতকাল বিকেলে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।