হামজার জোড়া গোল সত্ত্বেও হারলো বার্সেলোনা

নতুন মৌসুম শুরুর আগে নিজেদের প্রথম অফিসিয়াল প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ইংল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ স্টেডিয়ামে মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ১৮ বছর বয়সী মিশরীয় তরুণ সেনসেশন হামজা আবদেলকারিমের অসাধারণ জোড়া গোলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না হানসি ফ্লিকের দল। স্বাগতিক বার্মিংহ্যাম সিটির সঙ্গে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে গেছে বার্সেলোনা।

বিশ্বকাপের পর অনেক তারকা ফুটবলার বিশ্রামে থাকায় বেশ কয়েকটি নতুন মুখ নিয়ে একাদশ সাজিয়েছিলেন বার্সা কোচ হানসি ফ্লিক। খেলার শুরুতেই ৩১ মিনিটে আলফ্রেড প্রিসকের হেডে পিছিয়ে পড়ে কাটালানরা। তবে এর পরপরই নিজের জাত চেনান আল আহলি থেকে আসা তরুণ স্ট্রাইকার হামজা আবদেলকারিম।

ডি-বক্সে ফাউলের শিকার হয়ে নিজেই পেনাল্টি আদায় করে নেন হামজা। এরপর বাঁ পায়ের শক্ত শটে বল জালে জড়িয়ে বার্সাকে ১-১ সমতায় ফেরান।

রুনি বার্দঘজির নেওয়া শট বার্মিংহ্যামের গোলরক্ষক জেমস বিডল সঠিকভাবে ক্লিয়ার করতে না পারলে ফিরতি বলে দারুন দক্ষতায় গোল করে বার্সাকে এগিয়ে নেন এই তরুন।

বার্সেলোনা এগিয়ে গেলেও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৬৮ মিনিটে এক বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক রুটিন থেকে গোল করে বার্মিংহ্যামকে আবারও ২-২ সমতায় ফেরান ঝন সোলিস।

নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে ম্যাচের ফলাফল নির্ধারণে পেনাল্টি শুটআউট আয়োজন করা হয়। টাইব্রেকারে বার্মিংহ্যামের ইংলিশ গোলরক্ষক জেমস বিডল দুর্দান্ত সেভ করে ইয়োর্দি পেসকের এবং ব্রায়ান ফারিনাসের শট আটকে দেন। ফলে ৩-২ ব্যবধানের এক নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে চিলড্রেন অব দ্য ব্লুজ খ্যাত স্বাগতিকরা।