বাগেরহাটের মোরেলগঞ্জে মাদরাসার নির্মানাধীন সেফটিক ট্যাঙ্কির দেয়াল ধ্বসে তার নিচে চাপা পড়ে মো. আতিয়ার (৪৪) নামে এক শ্রমিক মারা গেছেন।
শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদরাসায় এই ঘটনা ঘটে। নিহত নির্মান শ্রমিক আতিয়ারের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। মো. আতিয়ারের বাড়ি যশোর জেলায়।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সাব অফিসার মো. গোলাম ফারুক দুপুরে এই প্রতিবেদককে বলেন, বেলা ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদরাসায় যাই। সেখানে গিয়ে দেখি ওই মাদরাসার সেফটি ট্যাঙ্কির দেয়ালের নিচে মো. আতিয়ার নামে একজন নির্মান চাপা পড়ে আছেন। প্রায় পৌনে একঘন্টা চেষ্টা চালিয়ে দেয়াল সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। দেয়ালের নিচে চাপা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি। মাদরাসার সেফটিক ট্যাঙ্কির নির্মান কাজ করছিলেন নির্মান শ্রমিক আতিয়ার। কাজের মধ্যে হঠাৎ ট্যাঙ্কির দেয়াল ধ্বসে গেলে তিনি ওই দেয়ালের নিচে চাপা পড়েন বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে।