মাত্র তিন দিনের ব্যবধানে পূর্ব সুন্দরবনে আবারও দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের বিরল এক দৃশ্য। রবিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্ট এলাকার নদীতে সাঁতার কাটতে দেখা যায় বাঘটিকে।
বনরক্ষীদের টহল বোটের সামনেই নদী সাঁতরে অন্যপারে পার হওয়ার চেষ্টা করে বাঘটি। বিরল এই মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করেন বন বিভাগের বোটচালক সাইফুর রহমান (বিএম)। পরে ভিডিওটি তিনি তার ফেইসবুক আইডিতে দিলে তা ছড়িয়ে পড়ে।
এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক পর্যটন কেন্দ্র ও বন বিভাগের টহল ফাঁড়ির অফিস চত্বরে একটি বাঘিনীকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন বনরক্ষীরা। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই ঘটনাটিও ব্যাপক সাড়া ফেলে ভ্রমণ পিপাসুদের মাঝে। তিন দিনের মাথায় আবারও বাঘের এমন উপস্থিতি সুন্দরবনের বন্যপ্রাণীপ্রেমী, পর্যটক এবং বন কর্মকর্তাদের মধ্যে নতুন করে কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে।
ঘটনাস্থলে থাকা শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বোটচালক (বিএম) সাইফুর রহমান জানান, টাইগার পয়েন্ট এলাকায় নিয়মিত টহলকালে হঠাৎ বন থেকে একটি বাঘ বেরিয়ে নদীতে নেমে পড়ে। বাঘটি সাঁতরে মাঝ নদীতে আসার পর ইঞ্জিন চালিত বোটের শব্দ পেয়ে ফিরে সুন্দরবনে উঠে যায়। এই দৃশ্য আমি আমার মুঠোফোনে ধারণ করি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলন, সুন্দরবনের নদী-খাল পেরিয়ে বাঘের চলাচল স্বাভাবিক আচরণের অংশ। খাবারের সন্ধান, নিজের এলাকা পরিবর্তন কিংবা প্রাকৃতিক প্রয়োজনেই তারা নিয়মিত সাঁতার কাটে। তবে টহলের সময় এভাবে কাছ থেকে এমন দৃশ্য সচরাচর দেখা মেলে না। গত ১ জুন থেকে সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। এই সময় বনজীবী, পর্যটকসহ সাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। কোলাহলমুক্ত সুন্দরবনে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণী নির্ভয়ে নিরাপদে বনের সর্বত্র বিচরণের সুযোগ পেয়েছে। একারনে মাঝে মধ্যে বনে থাকা বন্যপ্রাণীর দেখা মিলছে।
হিরো আলমের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন