কক্সবাজারে প্যারাসেইলিং থেকে পড়ে পর্যটকের মৃত্যু 

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে অক্ষর সৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে। শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, শনিবার সকালে ৯ বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন তারা। পরে দুপুরে প্যারাসেইলিং করতে গিয়ে তিনি সমুদ্রে ছিটকে পড়েন। সেখানে পানিতে ডুবেই তার মৃত্যু হয়। 

মো. ফরিদের মালিকানাধীন দরিয়ানগর এর আগেও অনেকবার দুর্ঘটনা ঘটে। তারপরও রহস্যময় কারণে তার প্যারাসেইলিং বন্ধ ঘোষণা করার কয়েকদিন পর পুনরায় চালু করে দেওয়া হয়। 

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। পর্যটকের মরদেহ মর্গে রাখা হয়েছে। 

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, দুপুর ২টা ১০ এর দিকে অক্ষরকে হাসপাতালে নিয়ে আসা। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে পানিতে পড়েই তার মৃত্যু হয়েছে। পরে পোস্টমর্টেম করলে মৃত্যুর কারণ জানা যাবে।