ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম

দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোলা জেলা শাখা। 

শনিবার (১ আগস্ট) বিকেলে ভোলা শহরের নতুন বাজার এলাকায় জেলা আমির মাস্টার জাকির হোসাইনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচার, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। 

তারা বলেন, এসব দাবি পূরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে বিলম্ব হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশব্যাপী জনগণকে সঙ্গে নিয়ে ধারাবাহিক কর্মসূচি পালন করবে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগ তুলে তারা এ ধরনের ঘটনার প্রতিবাদ জানান এবং নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন— জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, পৌর আমির জামাল উদ্দিন, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নতুন বাজার থেকে শুরু হয়ে বাংলা স্কুল মোড়, বরিশাল দালান ও সদর রোড প্রদক্ষিণ করে কালীনাথ রায়ের বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত