‘ব্রড পিকে’ তুষারধসে নির্মল পুরজাসহ ১০ পর্বতারোহীর মৃত্যু

পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানের কারাকোরাম রেঞ্জের ৮ হাজার ৫১ মিটার উচ্চতার পর্বত ‘ব্রড পিক’-এ তুষারধসে চাপা পড়ে বিশ্বখ্যাত পর্বতারোহী নেপালের নির্মল পুরজাসহ ১০ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ৪৩ বছর বয়সী পুরজাসহ আরও ৯ জন তুষারধসে নিখোঁজ হন। গতকাল শনিবার নির্মল পুরজার পর্বতারোহণ নির্দেশিকা প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশন আনুষ্ঠানিকভাবে তার প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘গভীর শোক ও অপার বেদনার সঙ্গে আমরা নিশ্চিত করছি যে ব্রড পিকে তুষারধসের পর নির্মল পুরজা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। আমরা আরও নিশ্চিত হয়েছি যে অভিযানের অন্য সদস্যরাও বেঁচে নেই।’ এর আগে গত শুক্রবার ৪ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। বিশ্বের ১২তম উঁচু এই পর্বত আরোহণ কারিগরি দিক থেকে অত্যন্ত কঠিন।

২০১৯ সালে মাত্র ছয় মাস ছয় দিনে বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গ জয় করে গড়েছিলেন ‘নিমসদাই’ নামে পরিচিত এই অভিজ্ঞ পর্বতারোহী। তার এই কীর্তি নিয়ে দুই বছর পর নেটফ্লিক্সে ‘১৪ পিকস : নাথিং ইজ ইম্পসিবল ’ নামে একটি প্রামাণ্যচিত্র মুক্তির পর তিনি আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি পান। শুধু পর্বতারোহণ নয়, হিমালয়ের ঝুঁকিপূর্ণ অঞ্চলে উদ্ধার অভিযানে নেতৃত্বের জন্যও ব্যাপক পিরিচিতি ছিল তার। কোনো ধরনের সাপ্লিমেন্ট অক্সিজেন ছাড়াই ২৯ বার ৮ হাজার মিটারের বেশি উচ্চতার পবর্ত আরোহণের কীর্তি ছিল নির্মল পুরজার। ব্রড পিকে তুষারধসে চাপা পড়া দশ জনের বহুজাতিক পর্বতারোহীর দলটি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। এদের মধ্যে ৬ জন নেপালের এবং বাকিরা পাকিস্তান, ওমান, যুক্তরাষ্ট্র ও চীনের নাগরিক। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নেপালের আরেক অভিজ্ঞ পর্বতারোহী কিলি পেম্বা শেরপা। প্রাণ হারানোদের তালিকায় ওমানের প্রথম নারী এভারেস্টজয়ী নাধিরা আল হারথিও রয়েছেন।

পাকিস্তানের বিমানবাহিনীর সহায়তায় ব্রড পিকে উদ্ধার অভিযান অব্যাহত আছে। উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন নির্মল পুরজার ‘এলিট এক্সপেড’ এর সহপ্রতিষ্ঠাতা এবং তার ‘১৪ পিকস’ দলের অভিজ্ঞ পর্বতারোহী মিংমা ডেভিড শেরপা। তিনি জানিয়েছেন, গতকাল শনিবার ড্রোনের সাহায্যে মরদেহগুলোর অবস্থান শনাক্ত করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলে মরদেহগুলোর উদ্ধার অভিযান শুরুর কথা জানিয়েছেন তিনি।