ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দেশটির স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানায়, গতকাল শনিবার সকালে চালানো এই হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো বলেছেন, রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী কিয়েভে দশটিরও বেশি বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, হামলার কারণে শহরজুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে দার্নিতস্কি জেলায়। জরুরি সেবা সংস্থা জানিয়েছে, সেখানে এক হামলায় দুই শিশুসহ অন্তত ৭ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। অন্যদিকে সোলোমিয়ানস্কি জেলায় একটি পাঁচতলা আবাসিক ভবন আংশিক ধসে পড়ে দুজন নিহত ও দুই শিশুসহ আটজন আহত হন। এছাড়া শেভচেনকিভস্কি এলাকার একটি আবাসিক ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেতরে বেশ কিছু মানুষ আটকা পড়েন বলে জানান মেয়র ক্লিটস্কো। সম্প্রতি ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে মস্কো।
