গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস-২০২৬-এ ‘শ্রেষ্ঠ গীতিকার’ সম্মাননায় ভূষিত হয়েছেন গীতিকার, লেখক ও সাংবাদিক মাহমুদ মানজুর। জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর শিরোনাম সংগীতের জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।
সম্প্রতি রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরা এই সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপির উদ্বোধনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মারগুব মোরশেদ। এই জাঁকজমকপূর্ণ আসরে আজীবন সম্মাননায় ভূষিত হন বরেণ্য অভিনেতা খায়রুল আলম সবুজ এবং কিংবদন্তি লোকসংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। পাশাপাশি সংস্কৃতি, গণমাধ্যম ও সমাজসেবাসহ নানা ক্ষেত্রে অবদানের জন্য আরও বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়।
দুই দশকেরও বেশি সময় ধরে বিনোদন সাংবাদিকতায় যুক্ত মাহমুদ মানজুর প্রতিক্রিয়ায় জানান, দর্শকদের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। গানটির সুরকার, শিল্পী ও পুরো টিমকে এই অর্জন উৎসর্গ করে তিনি ভবিষ্যতেও মানসম্পন্ন কাজ উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।