হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর খোরশেদ আলমকে ডাকযোগে হুমকিমূলক চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেন চেয়ারম্যান মীর খোরশেদ আলম।
স্ট্যাটাসে তিনি লেখেন, কে বা কারা এই ঘটনার পেছনে আছেন, অনুগ্রহ করে সামনে আসুন। যদি আমার কাছে কোনো অভিযোগ বা দাবি থেকে থাকে, তাহলে সরাসরি এসে কথা বলুন। আমার জানা মতে আমি কারও কোনো ক্ষতি করিনি এবং কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতাও নেই। তাই এভাবে ভয়ভীতি বা হুমকি দেওয়ার পরিবর্তে সাহস থাকলে পরিচয় দিয়ে কথা বলুন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনছি। সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে, ইনশাআল্লাহ।
চেয়ারম্যান মীর খোরশেদ জানান, ডাকযোগে মোট ১২টি হুমকিমূলক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও কঠোর পরিণতির ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া আরও কয়েকজনের নামও চিঠিতে উল্লেখ রয়েছে। প্রতিটি চিঠির সঙ্গে একটি সাদা কাফনের কাপড়ের নমুনা পাঠানো হয়।
মীর খোরশেদ আলম বলেন, বিষয়টিকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সোহেল রানা জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং হুমকিদাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে।