আনসার সদস্যদের অস্ত্র মেলেনি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১০ জন আনসার সদস্য এখনও প্রয়োজনীয় অস্ত্র পাননি। ১ জুলাই থেকে তারা দায়িত্ব পালন শুরু করলেও অস্ত্রের অভাবে হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নানা সীমাবদ্ধতার মুখে পড়ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্য জানান, অস্ত্র না থাকায় ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তিনি জানান, রবিবার (২৬ জুলাই) এক প্রতারক ব্যাগে থাকা টাকা বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চিকিৎসা নিতে আসা এক নারীর ব্যাগ হাতিয়ে নেয়। পরে আনসার সদস্যদের তৎপরতায় ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়।

তিনি জানান, অস্ত্র থাকলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হতো।

এবিষয়ে হবিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মজিবুল হক জানান, আনসার সদস্যদের অস্ত্র দেওয়ার আগে সেগুলো প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করা সম্ভব হবে।

তিনি জানান, শুধু মাধবপুর নয়, হবিগঞ্জের ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোনোটিতেই এখন পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের অস্ত্র দেওয়া হয়নি।

১০ জন আনসার সদস্যের জন্য কয়টি অস্ত্র বরাদ্দ দেওয়া হবে,এমন প্রশ্নের জবাবে কমান্ড্যান্ট মজিবুল হক  জানান, এটি একটি স্পর্শকাতর বিষয়। তাই বিস্তারিত বলা যাবে না।

সম্প্রতি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৪৯৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ১০ জন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের আওতায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত