২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সময়ে নতুন বিদেশি ঋণের প্রতিশ্রুতি নেমে এসেছে গত ১৪ বছরের সর্বনিম্ন অবস্থানে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আজ রবিবার (২ আগস্ট) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানিয়েছে, অর্থবছরটিতে বাংলাদেশ আসল ও সুদ মিলিয়ে মোট ৪৪৯ কোটি ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে আসল ছিল ২৯৫ কোটি ডলার এবং সুদ ১৫৪ কোটি ডলার। স্থানীয় মুদ্রায় এ পরিমাণ প্রায় ৫৪ হাজার ৯৫৭ কোটি টাকা। আগের অর্থবছরে পরিশোধের পরিমাণ ছিল ৪০৯ কোটি ডলার।
ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ মোট ৮০৭ কোটি ডলারের বৈদেশিক সহায়তা পেয়েছে। এর মধ্যে প্রকল্প ঋণ ৭৫২ কোটি ডলার এবং অনুদান ৫৫ কোটি ৩৯ লাখ ডলার।
একই সময়ে নতুন ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি এসেছে ৫২৪ কোটি ডলার, যা গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন। এর মধ্যে ঋণ ৫০১ কোটি ডলার এবং অনুদান ২৩ কোটি ৩৮ লাখ ডলার। এর আগে ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশ ৪৭৬ কোটি ডলারের প্রতিশ্রুতি পেয়েছিল।
নতুন ঋণের প্রতিশ্রুতিতে উন্নয়ন সহযোগীদের মধ্যে শীর্ষে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি ২৬৯ কোটি ডলারের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ), যার প্রতিশ্রুতির পরিমাণ ৮২ কোটি ডলার।