রাষ্ট্রায়ত্ত ৬টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে সরকার এখন থেকে সরাসরি কোনো ‘নিয়োগ’ দেবে না, বরং শুধুমাত্র ‘মনোনয়ন’ দেবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ২৬ জুলাই জারিকৃত একটি নতুন নীতিমালার মাধ্যমে এই বড় পরিবর্তন আনা হয়েছে।
ব্যাংক খাতে শীর্ষ পদে স্বচ্ছতা আনা, পেশাদারত্ব বৃদ্ধি এবং প্রশাসনিক গতিশীলতা ফেরাতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।
নতুন নীতিমালা অনুযায়ী- এখন থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) পিএলসির এমডি বা সিইও পদে সরকার আর সরাসরি নিয়োগ দেবে না; কেবল প্রার্থী ‘মনোনয়ন’ দেবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়ে চূড়ান্ত নিয়োগপত্র ইস্যু করবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ।
