শাহবাগ ছাড়লেন শিক্ষকরা

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে শূন্য পদে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান হবে আগামী ১ অক্টোবর। আর ৪ অক্টোবরে তাদের পদায়ন করা হবে। গতকাল রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যোগদান ও পদায়নের তারিখ এগিয়ে আনতে গতকাল রাজধানীর শাহবাগে সহস্রাধিক শিক্ষকের অবস্থান ও আন্দোলনের মধ্যে সরকারের এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। বেলা ১১টা থেকে শাহবাগে অবস্থান করা শিক্ষকরা বেলা ২টার দিকে আন্দোলন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে শাহবাগ ছেড়ে যান।

এর আগে গত শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজারের বেশি শিক্ষকের যোগদানের তারিখ আগামী ২৯ অক্টোবর নির্ধারণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়। এরপরই শিক্ষকদের যোগদান ও পদায়ন এগিয়ে আনতে শাহবাগে জড়ো হতে থাকেন শিক্ষকরা।

গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা হয়। এতে মৌখিক পরীক্ষার জন্য ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরীক্ষা শেষে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এরপর গত ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা এবং সনদ যাচাই সম্পন্ন হয়। সরকার সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশনেরও সিদ্ধান্ত নেয়। তবে এখনো তাদের নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হয়নি।