বিএনপি সরকারের মধ্যে হুবহু ফ্যাসিস্ট সরকারের নমুনা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা তো নতুন কিছু দেখতে পাচ্ছি না। ফ্যাসিস্টরা যা করেছে, তা হুবহু আপনাদের মধ্যেও দেখতে পাচ্ছি।’ গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান), এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মূসা বিন ইযহার, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
ডা. শফিকুর রহমান বলেন, তারা নিজেরাই বলেছেন, যে স্বভাব ফ্যাসিস্ট সরকারের ছিল, সেটি এখন তারা ধারণ করছেন। বিএনপির একজন অ্যাকটিভিস্টকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। কী উদ্দেশ্যে তাকে সেখানে বসানো হয়েছে, সেই প্রশ্ন তোলেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ নির্বাচনের আগে অন্য দল থেকে বিএনপিতে যোগ দেওয়া একজন নেতা সম্প্রতি সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন। সেই নেতা অন্যদের হেয় করে আজগুবি বক্তব্য দেন এবং সরকার এসব নেতার মাধ্যমে রাজনীতিতে অশালীনতাকে উৎসাহিত করছে। ব্যক্তিকে আঘাত না করে যুক্তি দিয়ে কথা বলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দায়িত্বে থাকতে চাইলে সমালোচনা সহ্য করার গুণও থাকতে হবে। হবিগঞ্জে কিশোর আলিফ হোসেনের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চোখ তো শেষ করেছিল শেখ হাসিনা, আপনারা আবার শুরু করলেন কেন?... পারবেন চোখটা ফিরিয়ে দিতে? পারবেন না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, তারেক রহমানের আশপাশে মোসাদ ও ‘র’-এর এজেন্ট আছে। তিনি শত্রু দ্বারা বেষ্টিত। তিনি যেন মোসাদ ও র-এর এজেন্টদের কথা না শুনে দেশের মানুষের আকাক্সক্ষার বিষয়গুলো বাস্তবায়ন করেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কথা ছিল সিস্টেমটা পরিবর্তন হয়ে গণতান্ত্রিক হবে। তারেক রহমান ওই পথে গেলেন না, তিনি গেলেন সন্ত্রাসের পথে।