বিরতি ভেঙে এবার খলনায়ক হিসেবে বড় পর্দায় ফিরছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। মোহাম্মদ ইকবাল পরিচালিত তারকাবহুল সিনেমা ‘গুলশানের চামেলী’ দিয়ে নতুন এ অধ্যায় শুরু করছেন তিনি। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
আমিন খানের সঙ্গে সিনেমাটিতে অভিনয় করছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। এ সিনেমা দিয়েই তার ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে। এ ছাড়া রয়েছেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
আমিন খান বলেন, ‘অনেকদিন পর সিনেমায় কাজ করছি, খুব ভালো লাগছে। মাঝে অনেকটা সময় গ্যাপ ছিল। নির্মাতা ইকবাল যখন প্রস্তাব দিলেন, তখন মনে হলো সিনেমাটি করা যায়। এ সিনেমায় গুণী অনেক শিল্পী কাজ করছেন। সবার চেষ্টা থাকবে একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।’
চলচ্চিত্রে তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দেওয়া আমিন খান ২০১০ সালের পর থেকে অনিয়মিত হয়ে পড়েন। গত বছর সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফেরেন তিনি।